চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর পদে যোগদান করেছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি চুয়েটের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব গ্রহণ করেন।

বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন নতুন উপাচার্য নিজেই। তার যোগদানপত্র প্রধানমন্ত্রীর দপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বণিক বার্তাকে বলেন, আমি চট্টগ্রাম শহরে থেকেই মন্ত্রণালয়ে চিঠি দিয়ে যোগদান করেছি। যোগদানের বিষয়টি স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের সব এজেন্সিকে অবহিত করা হয়েছে। আমার যোগদানের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমাকে নিশ্চিত করেছেন। আমি সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।

উপাচার্য নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে চলমান পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন জানতে চাইলে তিনি জানান, আমি চুয়েটের সাবেক শিক্ষার্থী। চুয়েটের প্রতি আমার আলাদা ভালোবাসা আছে। বিশ্ববিদ্যালয়ে সমস্যা তো থাকবেই। এখন সমস্যা থেকে উত্তরণের বিষয়ে আমাদের রাস্তা খুঁজে বের বের করতে হবে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টেক হোল্ডার আছেন। সমস্যা তখনই হয় যখন সেখানে আস্থার সংকট তৈরি হয়।

তিনি আরো জানান, আমরা যদি সঠিকভাবে আস্থার সংকটের জায়গাটি খুঁজে বের করতে পারি, তাহলে সংকট সমাধান করতে পারব। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম চলমান রাখার জন্য প্রশাসক হিসেবে যা যা করার দরকার তাই করব। শিক্ষার্থীদের আন্দোলনকে থামিয়ে তাদের আবার শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে নিতে তাদের সঙ্গে এক হয়ে চুয়েটে কাজ করব। চুয়েটকে আরো আধুনিক মানের শিক্ষা কার্যক্রম উপহার দিতে চান বলেও জানান তিনি।