এলাকায় অধিপত্য বিস্তার কেন্দ্র করে পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. বকুল শেখ। তিনি রামচন্দ্রপুর গ্রামের দুলাল শেখের ছেলে। বকুল শেখ সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দোগাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
এদিকে ইউপি সদস্যকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার দাবিতে গতকাল দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ সময় বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রায় ২ ঘণ্টার জন্য অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন।
সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ও গুলি করে দোগাছি ইউনিয়নের নির্বাচিত ওয়ার্ড মেম্বার বকুল শেখকে হত্যা করে পালিয়ে যায়। বকুল শেখ ওইসব চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদ করার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। নিহত ওয়ার্ড মেম্বারের মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে গুলি করা হয়েছে কিনা সেটা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। খুনিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।










