মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুতা নিক্ষেপ করে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম ননী গোপাল দে (৭৫)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের শিকারপুর গ্রামের সুরেন্দ্র দের ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাতিজা ইন্দ্রজিৎ জানান, সোমবার দুপুরে নিহতের ছেলে তাপস কুমার দে ও তার বন্ধুরা মিলে রাস্তা দিয়ে চলাচলের সময় নিজেদের মধ্যে গ্রামে বাড়ি নির্মাণ না করে শহরে বাড়ি নির্মাণ করার ব্যাপারে মন্তব্য করেন। এ সময় প্রতিবেশী গণেশ দাসের স্ত্রী লক্ষ্মী দাস (৫০) কথাটি নিজের গায়ে নিয়ে তাদের গালি দেন। এ ঘটনার রেশ ধরে সন্ধ্যায় তাপসের পিতা ননী গোপাল দে বিষয়টি লক্ষ্মী দাসকে জিজ্ঞেস করতে গেলে তিনি উত্তেজিত হয়ে তার সঙ্গে বিবাদে লিপ্ত হন। এ সময় লক্ষ্মী ও তার ছেলে রনি দাস জুতা ছুড়ে মারলে তা ননীর মাথায় আঘাত করে। এক পর্যায়ে ননি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।










