দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাছ কিনতে বাজারে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী কোচের চাপায় ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৭টার দিকে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে জহুরুল ইসলাম ভ্যানচালক ছিলেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, জহুরুল ইসলাম ভ্যান নিয়ে বিরামপুর উপজেলা বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন সাইদুল ইসলাম। পথে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি কোচ ভ্যানটিকে চাপা দেয়। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।