পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতার অর্ধশতাব্দী পরও আওয়ামী লীগকে এখনো দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির মোকাবেলা করতে হয়। বিএনপি যদি এসব অপশক্তির তোষণ না করত, তাহলে দেশ আরো বহুদূর এগিয়ে যেত।’

তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এ সময় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর ১৯৫৬ সালে পাকিস্তানে সরকার গঠন করে। পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হওয়ার পরই পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় এবং ১৯৫২ সালে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা হলেও ১৯৫৬ সালেই রাষ্ট্রভাষা হিসেবে কার্যকর হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনও সে সময়েই চালু হয়। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে গঠিত আওয়ামী লীগ সরকারের অধীনেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং সব সেক্টর কমান্ডার ও জিয়াউর রহমান ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন।’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল—এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, ধান ও শাকসবজি উৎপাদনে তৃতীয় স্থানসহ ১৪টি কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্যতম।’

প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সফর অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ হয়েছে এবং শিগগিরই প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

অন্য এক প্রশ্নের জবাবে ড. হাছান জানান, হজ পালনে সৌদি আরব সফরের সময় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।