চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়ীয়া সড়কে এক নবদম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লুটে নেয়া স্বর্ণের গয়না ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুটে নেয়া নগদ ৪৫ হাজার টাকা ও স্বর্ণের গয়না উদ্ধার করা হয়।
লুটের সময় দুর্বৃত্তরা নিজেদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় দর্শনা থানায় মামলার পর পুলিশ ও ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৪ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো, দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে মওলা বক্স (৫৪), একই উপজেলার উসমানপুর বেদেপোতার মৃত রমজান আলীর ছেলে ছালাম (৩৫), সড়াবাড়ীয়া গ্রামের মৃত মজিবর শাহ এর ছেলে শাহাবুদ্দিন বদ্দি (৪২) ও পীরপুরকুল্লা গ্রামের ফজলুর রহমানের ছেলে আসকার (৪৬)।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হরিশচন্দ্রপুর-সাড়াবাড়ীয়া সড়কে লুটের ঘটনাটি ঘটে। আহত সাগর কুড়ুলগাছী ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের শ্বশুর বাড়ী থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা হরিশচন্দ্রপুর-সড়াবাড়ীয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের কাছে পৌঁছালে দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা সাগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা, তার স্ত্রীর কাছে থাকা স্বর্ণের গয়না লুট করে নিয়ে যায়। এ ঘটনার এক পর্যায়ে ধস্তাধস্তির সময় তাদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসলে অবস্থা বেগতিক দেখে দুর্বৃত্তরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে দর্শনা থানা হেফাজতে আনা হয়। আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ।
তিনি জানান, এ ঘটনায় গত সোমবার দুপুর সাড়ে ১২টায় দর্শনা থানায় ৩৯৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করে আরো তথ্য জানার জন্য তাদেরকে পুলিশি হেফাজতে নেয়ার জন্য আবেদন করা হবে।










