মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে চার-পাঁচজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
অ্যাডভোকেট সুজন মিয়া পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানের সামনে ছিলেন সুজন মিয়া। সেখানে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।
সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। পুলিশের একাধিক বিভাগ হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে। দ্রুত আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
এদিকে আইনজীবী সুজন মিয়াকে হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছেন জেলার আইনজীবীরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় জেলা প্রশাসক বরাবর তারা স্মারকলিপি দেন।










