রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে গতকাল সকালে এক নারীকে ১ মিনিটের ব্যবধানে দুটি টিকা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ইসমত আরা (৩১) নামের ওই নারী উপজেলার বিলটাকাপোড়া গ্রামের বাসিন্দা জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাহিদুল হক স্বপনের স্ত্রী।
নাহিদুল হক স্বপন অভিযোগ করে বলেন, পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে আমার স্ত্রী ইসমত আরা করোনার টিকা নিতে গেলে প্রথমে তার বাম হাতে একটি টিকা দেয়া হয়। পরে তিনি টিকা দেয়ার স্থানে বসে ছিলেন। ১ মিনিটের ব্যবধানে তার ডান হাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই টিকা পুশ করেন আরেক স্বাস্থ্যকর্মী। এতে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তবে এখনো সুস্থ রয়েছেন।
তিনি আরো বলেন, বিষয়টি আমি সিভিল সার্জনসহ কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমার স্ত্রীকে পর্যবেক্ষণে রাখার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, আমরা বিষয়টি শুনে তাত্ক্ষণিকভাবে ওই বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার পরও তাকে হাসপাতালে রেখে চিকিৎসকের পরামর্শে থাকার অনুরোধ করা হয়েছে।










