ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ মুজিবুর রহমান ছাড়াও হত্যা করা হয় তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব; তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল; পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে। শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকরা।
একই দিনে শেখ মুজিবুর রহমানের ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও হামলা করা হয়। হত্যা করা হয় শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে। শেখ মুজিবুরের ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আবদুল নঈম খান নামে এক আত্মীয়কেও হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।










