বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন যে, তার সরকার দেশের উৎপাদন খাতে আরো বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে।
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের সাইডলাইন বৈঠকে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এ প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে আলোচনা করার সময় প্রফেসর ইউনূস প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, শ্রম সমস্যা আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি। আমরা সব শ্রম সমস্যা সমাধান করতে চাই।
থেরেসা মে এই বিষয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতার সঙ্গে মানব পাচার এবং অভিবাসন সম্পর্কেও আলোচনা করেন।
প্রফেসর ইউনূস ইউরোপে বাংলাদেশের অভিবাসন বৃদ্ধির আহ্বান জানান, তবে সেটা বৈধ চ্যানেলের মাধ্যমে। তিনি বলেন, বৈধ পথে অভিবাসন বৃদ্ধি ঝুঁকিপূর্ণ এবং অনিয়মিত অভিবাসন কমাবে এবং মানব পাচারের বিরুদ্ধে একটি প্রতিরোধ হিসেবে কাজ করবে।
প্রফেসর ইউনূস বিখ্যাত ব্রিটিশ রাজনীতিবিদককে জুলাই-আগস্ট বিপ্লবের সময়ে বাংলাদেশী তরুণদের আঁকা গ্রাফিতি এবং দেয়ালচিত্র নিয়ে বই ‘আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দেন।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হকও এই বৈঠকে উপস্থিত ছিলেন।










