চট্টগ্রামের মিরসরাইয়ে ডুবে যাওয়া ড্রেজার থেকে আরো চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল সকালে তিনজন ও বুধবার রাতে একজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। ওই শ্রমিকরা হলেন মো. আলম (৩২), শাহীন মোল্লা (২৮), তারেক (৩০) ও আবুল বাশার (৩৮)। এর আগে ওই ড্রেজার থেকে আরো চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহত সব শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠী গ্রামে। ড্রেজারে থাকা আটজনেরই মরদেহের সন্ধান মেলায় উদ্ধার অভিযান সমাপ্তি  ঘোষণা করে উপজেলা প্রশাসন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপজেলার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে বালি উত্তোলনকাজে ব্যবহূত একটি ড্রেজার ডুবে যায়। এতে আট শ্রমিক নিখোঁজ হন। পরে মঙ্গলবার ও বুধবার পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। তিনদিন ধরে শ্রমিকদের উদ্ধারকাজে মিরসরাই ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, মিরসরাই থানা পুলিশ, বিআইডব্লিউটিএর ডুবুরি দল ও স্থানীয়রা সহযোগিতা করেছেন। সব মরদেহ উদ্ধার হওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে ঝড়ো হাওয়া ও জোয়ারে সৈকত-২ নামে একটি বালি তোলার ড্রেজার উল্টে ডুবে যায়। ওই সময় ড্রেজারে আট শ্রমিক ছিলেন। ড্রেজারটি ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। ড্রেজার থেকে দফায় দফায় আট শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে প্রশাসন।