কুমিল্লায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননা মামলার প্রধান আসামি ইকবালসহ চারজনকে আবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি।
আজ শুক্রবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবদুল হাকিম আসামিদের কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ফারহানা সুলতানার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাদের প্রত্যেকের দ্বিতীয় দফায় ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক।
এর আগে কড়া পাহারায় একটি মাইক্রোবাসে ইকবাল হোসেন এবং পুলিশের প্রিজন ভ্যানে ইকরাম হোসেন, ফয়সাল ও হুমায়ুন কবীরকে আদালতে নেয়া হয়। রিমান্ড মঞ্জুরের পর তাদেরকে আবার সিআইডি হেফাজতে নেয়া হয়।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর নগরীর নানুয়া দীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কথিত কোরআন অবমাননার অভিযোগে কুমিল্লাসহ বেশ কিছু স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এ ঘটনার সঙ্গে ইকবাল জড়িত।
এ ঘটনায় শুরুতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করে। এরপর ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত ইকবাল হোসেনকে ২১ অক্টোবর কক্সবাজার থেকে আটক করে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
এছাড়া ঘটনার দিন ৯৯৯ এ প্রথম ফোন করা ইকরাম হোসেন, দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীরকে আটক করে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। ২৩ অক্টোবর আদালত তাদের ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে মামলাটি পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সিআইডিতে স্থানান্তর করা হয়।










