গতকাল সকালে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ দুটি মন্দিরের সংস্কারকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
মহাখালী এলাকাটি ঢাকা-১৭ আসনের আওতাধীন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে মন্দিরটি সংস্কার ও মন্দির প্রাঙ্গণে একটি নতুন নাট্যমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওই আসনে নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের এক মাস না পেরোতেই মন্দিরের কাজের উদ্বোধন করে সিটি করপোরেশন। এ সংস্কারকাজে অর্থায়ন করছে ডিএনসিসি।
এ সময় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে যে অঙ্গীকার ব্যক্ত করেন, সেই অঙ্গীকার যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে না পারেন ততক্ষণ পর্যন্ত উনি এ বিষয় নিয়ে খুব বিচলিত থাকেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এ মন্দিরের সংস্কারকাজ উদ্বোধনের জন্য আজকে আমরা এসেছি, আজই কাজ শুরু হয়ে যাবে। নৈতিক জায়গা থেকে, আমাদের কাছে কোনো ধর্ম-বর্ণ বিন্যাসে কোনো ধরনের, আমাদের কোনো পার্থক্য নেই। যার যার ধর্ম সে পালন করবেন। আমরা আপনাদের সহযোগিতা করব।’
ডিএনসিসি প্রশাসক আরো বলেন, ‘এ বাংলাদেশে যার যার ধর্ম সে সে পালন করবে। আমরা সবসময় আপনাদের পাশে থাকব। নির্ভয়ে আপনাদের ধর্ম আপনারা পালন করে যাবেন। যেকোনো বিষয়ে জানাবেন, আমাদের স্থানীয় নেতারাও যদি কোনো কারণে আপনাদের প্রতি কোনো অন্যায় করে কিংবা বহিরাগত কিংবা আশপাশের কেউ করে, সেই বিষয়টুকু আমাদের জানাবেন।’










