মেহেরপুরে অভিযান চালিয়ে নকল সেমাই প্যাকেটজাত করায় মা এন্টারপ্রাইজকে
৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিষ্ঠানটি খোলা বাজার থেকে নিম্নমানের সেমাই কিনে কারখানায় অস্বাস্থ্যকর
পরিবেশে বনফুল নামে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছিল।
মঙ্গলবার (১৯ মার্চ) সদর উপজেলার গোভিপুর গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় আটককৃত সেমাই মাদ্রাসা
ও এতিমখানায় বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে গোভিপুর গ্রামে মা এন্টারপ্রাইজ নামের একটি কারখানায় অভিযান
চালিয়ে বনফুল কোম্পানির প্যাকেটজাত করা অবস্থায় বিপুল পরিমাণ সেমাই পাওয়া যায়। বৈধ
কাগজপত্র ও বিএসটিআইর অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিক মাসুম পারভেজকে ভোক্তা অধিকার
আইনে ৫০ হাজার টাকা জরিমানাসহ সেমাই আটক করা হয়। এ সময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য
কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।
জানা যায়, এর আগেও নকল পণ্য তৈরির অভিযোগে তিনবার ভ্রাম্যমান আদালত
অভিযান চালিয়ে জরিমানাসহ সিলগালা করে দেয়। পরবর্তীতে আবারো প্রতিষ্ঠানের মালিক মাসুম
পারভেজ নকল সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে বাজারে বিক্রি শুরু করেন বলে
এলাকাবাসী অভিযোগ করেন।










