চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিহত মানিকগঞ্জের ফায়ারম্যান রানা মিয়ার (২২) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল নিহতের মরদেহে তার নিজ গ্রাম শিবালয়ের নবগ্রাম পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। পরে সকাল ৮টার দিকে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন রাষ্ট্রীয় মর্য়াদায় তার লাশ দাফন করে।

শিবালয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মজিবুর রহমান জানান, নিহত রানা কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন। রানা মিয়া ২০২০ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। সবশেষ তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন রানা মিয়া।

ফায়ারম্যান রানার নামাজে জানায়ায় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় শত শত এলাকাবাসী অংশ নেন।