জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমকে জোরদার করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বঙ্গভবনে বিইআরসি’র বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ পেশকালে এ নির্দেশনা দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবনে আমাদের জোর দিতে হবে। এ বিষয়ে বিইআরসিকে গবেষণা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দেন তিনি।
মো. সাহাবুদ্দিন বলেন, একটি দেশের আর্থ-সামাজিকসহ সার্বিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। দেশের উন্নয়নের কলেবর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। তিনি আশা করেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা ও মূল্য নির্ধারণে বিইআরসি সরকারকে সঠিক ও যুগোপযোগী সুপারিশ এবং পরামর্শ দেবে।
কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিনের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান এবং বিইআরসি সচিব মো. খলিলুর রহমান খান।
কমিশনের চেয়ারম্যান এসময়ে বিইআরসির কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধি দল তাদের কার্যক্রমে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপ্রধান কমিশনের সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।










