সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, আজ সকালে সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন মোমিনুল ইসলাম। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের সঙ্গে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করেন।










