অংশগ্রহণমূলক বাজেট জাতীয় এবং স্থানীয় পর্যায়ে চাহিদা নিরূপণের লক্ষ্যে দিনাজপুরে প্রাকবাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দিনাজপুর শাখার আয়োজনে শহরের
মির্জাপুর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে এ প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে অংশগ্রহণকারীরা দিনাজপুর জেলায় হিমাগার নির্মাণ, কৃষিভিত্তিক শিল্প স্থাপনে প্রণোদনা, কৃষকের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিতকরণসহ কৃষিভিত্তিক পণ্য সংরক্ষণ ও বিপণন, রাস্তাঘাটের উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশসহ বাজেটে স্থানীয় পর্যায়ে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
অনুষ্ঠানে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দিনাজপুর শাখার সভাপতি চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানী বলেন, জেলা পর্যায়ের এ সংলাপ জাতীয় বাজেট প্রণয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আমরা গণতান্ত্রিক বাজেট আন্দোলন তৃণমূল পর্যায়ের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রয়োজন একত্র করে জাতীয় পর্যায়ে তুলে ধরার কাজ করছি।
গণতান্ত্রিক বাজেট আন্দোলন দিনাজপুর শাখার সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর শাখার সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যাপক সাইফুদ্দিন আকতার, ডা. আহাদ আলী, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেএসকেএসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল প্রমুখ।










