নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে ‘নাজিরপুর যুদ্ধ দিবস’। ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন সাত মুক্তিযোদ্ধাসহ এক কিশোর। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতি বছরের মতো গতকাল দিবসটি পালিত হয়। 

সকালে নাজিরপুর স্মৃতিসৌধ ও লেংগুরা সাত শহীদ মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন প্রমুখ। পরে লেংগুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।