দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, দেশে হেপাটাইটিস বি এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে হবে না। এতে চিকিৎসা ব্যয় কমবে এবং বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।

আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘এলিমিনেশন ফর এভরিওয়ান, এভরিহোয়্যার, রাইট নাউ’।

মন্ত্রী বলেন, দেশে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও অনেকেই এ বিষয়ে জানেন না। অতিরিক্ত শর্করাজাতীয় খাবার খাওয়ার কারণে দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমেরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে নিয়োগের প্রসঙ্গ তুলে জাহিদ হোসেন বলেন, বিদেশী ও আঞ্চলিক বিশেষজ্ঞদের সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডে মূল্যায়ন করা সম্ভব হবে। এতে চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই ধরনের উদ্যোগ দেশের অন্যান্য মেডিকেল কলেজেও নেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সব গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান। এ দাবিকে সময়োপযোগী উল্লেখ করে তা বাস্তবায়নে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমেরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির অবৈতনিক সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান পরামর্শক অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।