বান্দরবানে পারিবারিক বিরোধের জেরে এক শিক্ষককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বান্দরবান জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়ার আদালত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে চার আসামীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মন্ডল্যা ঘোনা এলাকার আরিফ উল্লাহ, তার স্ত্রী আছমা সিদ্দিকা, আরিফ উল্লাহর পিতা মোজাফ্ফর আহাম্মদ ও আরিফ উল্লাহর বোন কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাতলী এলাকার মো. হোসেন ওরফে কালুর স্ত্রী শাহনাজ বেগম। 

রায় ঘোষণার সময় আরিফ উল্লাহ ও শাহনাজ বেগম আদালতে উপস্থিত ছিলেন। পলাতক অন্য দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের গ্রেফতার কিংবা আত্মসমর্পণের দিন থেকে দণ্ড কার্যকর হবে জানান আদালত। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মোহাম্মদ ইকবাল করিম। তিনি বণিক বার্তাকে বলেন, ২০১৬ সালের ৯ ডিসেম্বর সকাল ৭টায় নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের মন্ডল্যা ঘোনা এলাকায় শাহ আলম ওরফে মাস্টার শাহ আলমকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আরেফাতুন্নেছা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। আসামিরা সম্পর্কে নিহতের পিতা, ভাই, বোন ও ভাইয়ের স্ত্রী। স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ সোমবার এ রায় দেন।