বরিশাল ক্লাবের সভাপতির পদ দখল করে রাখা ও ক্লাব পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মফিজুর রহমান চৌধুরী নামে বরিশাল ক্লাবের এক সদস্য বাদী হয়ে মামলাটি করেন।

আদালতের বিচারক হাসিবুল হাসান মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখে দেন। আদালতের বেঞ্চ সহকারী বায়েজিদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাদিকের বিরুদ্ধে ক্লাবের সভাপতির পদ দখল করে কোটি কোটি টাকার ক্ষতি, ক্লাব পরিপন্থী কর্মকাণ্ড ও পদ না ছাড়ার ঘোষণা দেয়ার অভিযোগ করা হয়েছে। মামলার বাদী মফিজুর রহমান বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য।

মামলার বরাতে বাদীর আইনজীবী আজাদ রহমান বলেন, ‘মামলার আসামি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য হন। নিয়মানুযায়ী ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য সদস্যপদে ১০ বছর থাকতে হবে। সে হিসেবে সাদিক আবদুল্লাহ ২০২৬ সালে সভাপতি পদে নির্বাচন করতে পারবেন। কিন্তু সাদিক আবদুল্লাহ ২০১৯ সালের ৮ মার্চ গঠনতন্ত্রের ৩২(খ) ধারা লঙ্ঘন করে বেআইনিভাবে সভাপতির পদ দখল করেন।’

আইনজীবী আজাদ রহমান আরো বলেন, ‘সাদিক আবদুল্লাহ বেআইনিভাবে সভাপতি নির্বাচিত হয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ক্লাবের দুটি রুমে থাকার ব্যবস্থা করে দেন। রুম ভাড়া ও ক্যাফেটেরিয়ায় খাবার বিল বাবদ কোটি কোটি টাকা পাওনা রয়েছে। এ টাকার দায়ভার বাদী মফিজুরসহ ক্লাবের সদস্যদের বহন করতে হচ্ছে।’

আইনজীবী বলেন, ‘প্রতি দুই বছর পর ক্লাবের স্থায়ী সদস্যদের ভোটে সভাপতি ও পরিচালকরা নির্বাচিত হন। মেয়র সাদিক আবদুল্লাহ ২০১৯ সালের পর থেকে কোনো ধরনের নির্বাচন দেননি।’