বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে সিসিইউতে নেয়া হয়েছে। গতকাল শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বণিক বার্তাকে বলেন, বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউর ৪২১৯ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে হলে তার সর্বশেষ অবস্থা জানা যাবে।
৭৮ বছর বয়সী এ সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দীর্ঘ পাঁচ মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ জানুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। পরে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন। সবশেষ গত ১৩ মার্চ হাসপাতালে গিয়েছিলেন তিনি।










