শেরপুরে ‘কাগজের বই পড়ার গুরুত্ব ও বই পড়ায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা, বই বিতরণ ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুরের নকলা প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় এবং বই বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির জেলা সমন্বয়ক বিশিষ্ট ছড়াকার ও ঔপন্যাসিক কবি নূরুল ইসলাম মনি।

নকলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিদ্যুৎ, শেরপুর গাঙচিলের সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, সহসভাপতি কবি মহিউদ্দিন বিন জুবায়েদ ও কবি রাবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি হাসান শারফত, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাযীফ, শেরপুর সদর গাঙচিলের সভাপতি কবি এমএইচ মুকুল, কোষাধ্যক্ষ সাংবাদিক কাজী মাসুম, নকলা প্রেস ক্লাবের সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, সহসাংগঠনিক সম্পাদক নূর হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সাংবাদিক মোফাজ্জল হোসেন, রেজাউল হাসান সাফিত, সীমানুর রহমান সুখন প্রমুখ।

বক্তারা এ সময় বই পড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু হিসেবে জ্ঞানের পরিধি যেমন বাড়ায়, তেমনি তৃঞ্চা নিবারণ ও মনের বিমর্ষতা দূর করে নির্ভেজাল আনন্দ দেয়। বইয়ের সঙ্গে কেবল তথ্য বা জ্ঞানের সম্পর্ক নয়, একটি ভালো বই পাঠকের জানার পরিধি বাড়ানোর পাশাপাশি দৃষ্টিভঙ্গি উন্নত ও প্রসারিত করে। বই হচ্ছে সভ্যতার ধারক ও বাহক।