নরসিংদী রেলওয়ে স্টেশনে জিন্সের প্যান্ট ও টপস পরাকে কেন্দ্র করে তরুণীকে হেনস্তা করার ঘটনায় ইসমাইল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, নরসিংদী জেলা প্রশাসনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার বিকাল ৫টার দিকে রেলস্টেশনে গিয়ে ঘটনার বিষয়ে জেনে এবং সিসিটিভির ফুটেজ দেখে ইসমাইলকে আটক করে।
এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুছা জানান, গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নরসিংদী রেলস্টেশনে অন্য যাত্রীদের সঙ্গে দুই তরুণ ও এক তরুণী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাদের পোশাক দেখে স্টেশনে অবস্থানরত এক নারী বাজে ও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে ওই নারী তাদের সঙ্গে ঝগড়ায় জড়ান। এ সময় রেলস্টেশনের কিছু বখাটে ছুটে এসে তরুণ-তরুণীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।










