ঝালকাঠির বিষখালী ও সুগন্ধাসহ জেলার সব কয়টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ সোমবার সকাল থেকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার চারটি উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
জানা গিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ, পূর্ণিমার প্রভাব এবং বৃষ্টির সঙ্গে বাতাস হওয়ায় কারণে জোয়ারের পানিতে এসব গ্রাম তলিয়ে যায়।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর অংশে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে উপজেলা পরিষদ ভবন, ইউএনও’র বাসভবনসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া সদর উপজেলার পাঁচটি, রাজাপুরের ১০টি ও নলছিটির পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
পানি বৃদ্ধির কারণে কৃষি-মৎস্যসহ গ্রামের কাঁচা ঘরবাড়ি ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এলাকাগুলোয় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ।










