খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী বাজারের একাংশে গভীর রাতে আগুনে পুড়েছে ১৬টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, হোটেল, ইলেকট্রিক সামগ্রী ও কাপড়ের দোকান রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান তারা ৷ মূহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। আগুনের লেলিহান শিখায় চারপাশ লাল হয়ে ওঠে। বোয়ালখালী নতুন বাজারের একটি খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি, স্থানীয় লোকজন ছাড়াও সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারি পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনে ১৮-২০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও লাগার সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপণেও কাজ চলছে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বোয়ালখালীতে এ নিয়ে একমাসে দুই বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৮ মার্চ রাতেও দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনে পুড়ে যায় ১২ টি দোকান।