নেত্রকোণার ভারতীয় সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বাংলাদেশী সুপারি জব্দ করা হয়েছে। সোমবার ভোররাতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের কালাপানি ও কাঠালবাড়ী নামক স্থান থেকে এসব সুপারি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম এবং ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসির নেতৃত্বে এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৯ হাজার ৫৮৪ কেজি বাংলাদেশী সুপারি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। জব্দকৃত সুপারিগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন বিজিবি সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম, লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ কামরুল ইসলামসহ ২৩ জন বিজিবি সদস্য। এছাড়া কলামাকান্দা থানার এসআই মোঃ লাবলু হোসেনসহ চার পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।










