ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাত নেতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্যাতন ও গুমের অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে ৫৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। খবর বাসস।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগপত্র দাখিল করেন অভিযোগকারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগে বলা হয়, বিগত সরকারের আমলে নির্যাতন ও গুমের শিকার হন শিবিরের নেতাকর্মীরা। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনি ইসলাম, চট্টগ্রামের আব্দুল করিম ও সাইফুল ইসলাম তারেক, বগুড়ার আলমগীর হোসেন, নোয়াখালীর দেলোয়ার হোসেন এবং গুলশান ভাটারা থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন। নিখোঁজ ঝিনাইদহের মো. কামারুজ্জামানের পক্ষে তার ভাই অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ৪ মে ঝিনাইদহ থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে মো. কামারুজ্জামানের কোনো খোঁজ মেলেনি। নির্যাতনের শিকার হয়ে জনি ইসলাম একটি পা হারান, দেলোয়ার হোসেন একটি চোখ হারান এবং আব্দুল করিম ও মো. আলমগীর হোসেন চিরতরে পঙ্গুত্ব বরণ করেন।

অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল জানায়, অভিযোগকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে এখনই অভিযুক্তদের নাম প্রকাশ করা সম্ভব নয়। তবে তদন্ত শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শিবির নেতারা অভিযোগ দাখিলের পর গণমাধ্যমকে জানান, আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে তারা এই পদক্ষেপ নিয়েছেন।