বান্দরবান জেলা শহরের রোয়া দ হাইটস নামের একটি ভবনের লিফটে আটকা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে ভবনটির তৃতীয় তলায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের দেয়াল ভেঙে লিফটে আটকা পড়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও প্যারিস প্যারাডাইজ প্রপার্টিজ লিমিটেডের যৌথ মালিকানায় রোয়া দ হাইটস আবাসনটি পরিচালিত হচ্ছে।
নিহত শিশুর নাম সাবেকুন নাহার (১৩)। সে ওই ভবনের বাসিন্দা সোহেল নামের এক ব্যবসায়ীর গৃহকর্মী ছিল। বুধবার রাত থেকে সাবেকুন নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ভবনটির তত্ত্বাবধায়ক নুরুল আমিন জানান, দুপুরে লিফটের নিচে রক্ত ঝরে পড়ছে দেখতে পেয়ে লিফট চেক করতে যান। এ সময় তিনি নিজে লিফটের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। পরে ওই ভবনের দেয়াল ভেঙে লিফটের ভেতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।










