পাবনায় নবায়নকৃত উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকার ওপর উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। মৃত্তিকা গবেষণা এবং গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের আওতায় পাবনা আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এ প্রশিক্ষণের আয়োজন করে।
মৃত্তিকা গবেষণা এবং গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. আব্দুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. কবীর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আ. কাদের, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. নুরুল ইসলাম, পাবনা মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মামুন আল আহসান চৌধূরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পাবনা আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক হোসেন। প্রশিক্ষণে ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন।










