দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গত ১৮ ডিসেম্বর রাতে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে গতকাল সোমবার পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল ১৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। আজ আরো ৯ জনকে গ্রেফতারের কথা জানানো হলো।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনীভাবে সমবেত হয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরবর্তীতে আরো অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণসহ ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।

এ ঘটনার প্রেক্ষিতে প্রথম আলো কর্তৃপক্ষ তেজগাঁও থানায় একটি মামলা করেছে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ, হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। গণমাধ্যমের ওপর ন্যক্কারজনক এ হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ শুরু করেছে।