বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ আট নম্বরে অবস্থান করছে রাজধানী শহর ঢাকা। আজ শনিবার ছুটির দিন হলেও শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকার বাতাসে দূষণের পরিমাণ বেশি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার বাতাসের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেস্ক) স্কোর ছিল ১৪৫। অর্থাৎ, ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ার বলছে, এদিন সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এ শহরের একিউআই স্কোর ১৮৬। ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৭১ স্কোর নিয়ে তৃতীয় থাইল্যান্ডের চিয়াংমাই, ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ মিশরের কায়রো, ১৪৯ স্কোর নিয়ে পঞ্চম ভারতের কলকাতা, ১৪৮ স্কোর নিয়ে ষষ্ঠ চীনের হাংঝু, ১৪৭ স্কোর নিয়ে সপ্তম নেপালের কাঠমান্ডু, ১২৯ স্কোর নিয়ে নবম চীনের সাংহাই এবং ১১০ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসকান্ত।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক বা একিউআই স্কোর ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।