লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক মো. লিয়াকত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

আজ সকাল সোয়া ১০টার দিকে লালমনিরহাট সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন লিয়াকত আলী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

লিয়াকত আলী ছেলে নাঈম খান সাদ বণিক বার্তাকে বলেন, ‘দীর্ঘদিন থেকে আব্বা বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে স্ট্রোক করলে দ্রুত তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।’

লিয়াকত আলীর মৃত্যুতে লালমনিরহাটের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোকপ্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আহমেদুর রহমান মুকুল বলেন, ‘লিয়াকত আলী দৈনিক সমাচার ও নবচেতনা পত্রিকা ছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক কাগজে সুনামের সঙ্গে প্রায় তিন দশক সাংবাদিকতা করেছেন। লালমনিরহাট জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খবর তুলে ধরেছেন। তিনি অত্যন্ত সহজ, সরল ও সাদা মনের মানুষ ছিলেন।’

মো. লিয়াকত আলী মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।