তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজবাড়ীর মানুষের জনজীবন। একেবারে প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। কাজ করতে না পেরে অনেকে স্থান নিচ্ছে গাছতলায়।

এদিকে প্রচণ্ড গরম আর রোদে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কমেছে আয় রোজগার।

রিকশাচালকরা জানান, স্বাভাবিক সময়ে দৈনিক পাঁচশ থেকে আটশত টাকা আয় হলেও এখন হচ্ছে দুই থেকে তিনশত টাকা। আগে বাজার থেকে দশ কেজি চাল কিনলেও এখন কিনতে হচ্ছে দুই কেজি।

তবে চাহিদা বেড়েছে আখের রস, ডাবসহ তরল খাবারের। সকালে রাজবাড়ীর কোর্ট চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে মানুষ লম্বা লাইনে আখের রস ও ডাব কিনে তৃষ্ণা মেটাচ্ছে। প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।

আবার প্রচণ্ড গরমে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। সদর হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনসহ মোট ১২৮ জন রোগী ভর্তি আছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজবাড়ীতে বর্তমানে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ হান্নান বলেন, এ গরমে শিশু ও বৃদ্ধদের সাবধানে রাখতে হবে। বেশি বেশি তরল খাবার খেতে হবে। বাইরের খোলা ও বাসি খাবার খাওয়া যাবে না। প্রচণ্ড গরম পড়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে স্যালাইনসহ সব ধরনের ওষুধ সরবরাহ আছে। সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।