দীর্ঘ ১৭ মাস পর খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সোমবার রাতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৫৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলগুলো ৯ অক্টোবর খুলে দেয়া হবে। সশরীরে ক্লাস শুরু হবে ২০ অক্টোবর। এরই মধ্যে গতকাল শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ৯ অক্টোবর সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে হলগুলো খুলে দেয়া হবে। অন্তত এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে কেবল আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। আপাতত গণরুম থাকবে না। পরে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে আবাসিক হলগুলো খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একাডেমিক কাউন্সিলের ১২১তম সভা অনুষ্ঠিত হয়।










