আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট
জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রিজভী সাহেবের বাবা ছিলেন পাকিস্তান পুলিশে কর্মরত। পাকিস্তানের
পক্ষাবলম্বন করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
বাবা চোখা মিয়া মুক্তিযুদ্ধের সময় চোখা রাজাকার হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। মির্জা
ফখরুল ইসলাম আলমগীররা তো অবশ্যই পাকিস্তানিদের আইএসআইকে সন্তুষ্ট করার জন্য ভারতবিরোধিতার
জিকির তুলবেন; এটি তাদের পুরনো খাসিলত।
সোমবার (২৪ মার্চ) বিকালে সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের
উদ্যোগে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, এই গণহত্যার স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার
কর্তৃক প্রকাশিত দলিলে রয়েছে। পুরো পাকিস্তানের সংকট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তান
সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল তাতে বলা হয়, ১৯৭১ সালে ১ মার্চ থেকে ২৫ মার্চ
রাত পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল।
জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি ভোট
ও ভাতের অধিকারের আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। তাই আজকের প্রজন্ম এই বাংলাদেশের
স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে।
গণহত্যার স্বীকৃতি আদায়ে সম্প্রীতি বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জাগরণ সৃষ্টি করার আহ্বান জানিয়ে
পাটমন্ত্রী বলেন, এই গণহত্যার স্বীকৃতি আদায় করতে হলে শুধু আমাদের দেশে নয় আন্তর্জাতিকভাবে
সমস্ত বাঙালিদের মাঝে জাগরণ সৃষ্টি করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ড. মামুন আল মাহতাব স্বপ্নীল।









