চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। নিহত কর্মীর নাম শহীদুল ইসলাম আকাশ (২৮)। তিনি হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূর ইসলামের ছেলে। আজ সোমবার রাত ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান তিনি।
জানা গেছে, আজ সন্ধ্যায় বারইয়ারহাট বাজারে আসার সময় চিনকিরহাট এলাকায় দূর্বৃত্তরা আকাশকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে রাত ৯টায় দায়িত্বরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকাশ মারা গিয়েছে শুনেছি। তবে কারা হামলা করেছে তা আমার জানা নেই।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, আজ সন্ধ্যায় আকাশের উপর কে বা কারা হামলা করেছে শুনেছি। কিছুক্ষণ আগে জানতে পারি সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। তবে বিস্তারিত এখনো বলা যাচ্ছে না।










