চাঁদপুরের কচুয়া উপজেলার পলাশপুরে জমি নিয়ে বিরোধের জেরে গৌরাঙ্গ দেবনাথ (৬০) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে জীবন দেবনাথ (৪৫) ও হারাধন দেবনাথ (৩৮) নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বিকালে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান এ রায় দেন। হত্যার শিকার গৌরাঙ্গ দেবনাথ কচুয়া উপজেলার পলাশপুর গ্রামের দেবনাথ বাড়ির বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ আগস্ট বেলা দেড়টার দিকে দেবনাথ বাড়িতে জীবন দেবনাথ, হারাধন দেবনাথসহ তাদের পরিবারের লোকজন চলাচলের রাস্তায় বেড়া দিতে যায়। এ সময় হত্যার শিকার গৌরাঙ্গ দেবনাথ বাধা দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শাবল দিয়ে জীবন দেবনাথ ও হারাধন দেবনাথ আঘাত করলে গৌরাঙ্গ দেবনাথ গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

ওইদিন রাতে নিহতের ছেলে দুলাল দেবনাথ বাদী হয়ে ৮ জনের নামে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।