অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছিনতাই ও যাত্রী হয়রানি রোধে বাস টার্মিনালগুলোর প্রত্যেকটি স্থানে সিটি করপোরেশন, ট্রাফিক পুলিশ এবং বিআরটিএর সমন্বিত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা এবং ইলেকট্রনিক মনিটরিং থাকবে। কোনো ব্লাইন্ড স্পট থাকবে না।
মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে সিসিটিভি মনিটরিং কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় উপদেষ্টা বলেন, সরেজমিন পরিদর্শনে বাস টার্মিনাল সম্পূর্ণ নিরাপত্তা ও শৃঙ্খলা বেষ্টনির আওতায় আনার ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার স্বল্পতা দেখা গেছে। দ্রুত সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়াতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি বাস টার্মিনালে পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ানোর বিষয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন।
আসিফ মাহমুদ বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রী ভোগান্তি কমাতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। পাশাপাশি বাস-মালিকদের কার্যক্রম আরো বাড়ানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, বাস টার্মিনালে যথেষ্ট জায়গা রয়েছে, প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। যাত্রীরা টার্মিনাল থেকে উঠার কথা, কিন্তু উঠছে রাস্তা থেকে। এতে রাস্তায় ট্রাফিক জ্যাম ও জনদুর্ভোগ বেড়ে যায়।
বাস টার্মিনাল পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টরা ছিলেন।















