মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের রাজশাহীর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর চোখে এখন শুধু কান্না।

সোমবার (২১ জুলাই) বিকাল থেকেই রাজশাহীর উপশহর সপুরা এলাকার বাসায় সাগরের নানা আজিজুর রহমান অবস্থান করছেন। নাতির মৃত্যুসংবাদে তিনি বারবার ভেঙে পড়েছেন।

জানা গেছে, তৌকিরের বাবা-মা, স্ত্রীসহ পরিবারের সদস্যরা এখন সবাই ঢাকার ক্যান্টনমেন্ট স্টেডিয়ামে রয়েছেন। দুপুর ১২টায় সেখানেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় স্বজনরা রাজশাহীর উদ্দেশে আকাশপথে রওনা হবেন। পরে রাজশাহী বিমানবন্দর হয়ে উপশহর সপুরা এলাকায় তাদের ভাড়া বাসায় আসবেন।

স্বজনরা জানিয়েছেন, আজ বিকাল সাড়ে ৫টায় সপুরা কবরস্থানে সাগরের দাফন সম্পন্ন হবে।