সুনামগঞ্জের হাওরে বাঁধ ব্যবস্থাপনায় প্রকৃত কৃষক-মৎস্যজীবীদের স্বার্থ ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি দল।
তিনদিন সরেজমিন হাওর এলাকা পরিদর্শন, অভিজ্ঞতা বিনিময় ও জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি করেন এনজিও প্রতিনিধি দলটির সদস্যরা।
প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ সাহেদা, ফিল্ড অফিসার আল আমিন সরদার, নাগরিক উদ্যোগের কর্মসূচি কর্মকর্তা মো. মাহবুব আক্তার, নিজেরা করি কর্মসূচি সংগঠক মিজানুর রহমান ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) কর্মসূচি কর্মকর্তা অ্যাডভোকেট রুলি ইসলাম ও এ কে এম বুলবুল আহমেদ।
প্রতিনিধি দলটির সদস্যরা গত রোববার সুনামগঞ্জে বিভিন্ন হাওরের বাঁধ এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
সোমবার জেলা হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সর্বশেষ গতকাল প্রতিনিধি দল সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে হাওরের জীববৈচিত্র্য রক্ষার দাবি জানায়।
এএলআরডির কর্মসূচি কর্মকর্তা (আইন) অ্যাডভোকেট রুলি ইসলাম বলেন, তথ্যানুসন্ধানে আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ হলো যে বাঁধ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে হাওরের প্রকৃত কৃষক ও জেলেদের সম্পৃক্ত করা হয় না।
ব্যক্তিবিশেষের স্বার্থ রক্ষায় অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামতের ফলে হাওরের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।










