রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে জেলা শহরের পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১২)। তারা দুজনই বন্ধু। মুহিত অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় গোসল করতে যায় দুই বন্ধু মুহিত ও ইনাম। গোসল করতে নামার পর তারা পানিতে ডুবে যায়। দুইজনই সাঁতার জানতো না। পরে কাপ্তাই হ্রদের পানিতে একজনের দেহ ভেসে উঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এদিকে, হাসপাতালে আনার পর পাড়া-প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা দুইজনই মারা গেছে। নিহত মাহিদুর রহমান মুহিতের চাচা আব্দুল করিম লালু জানান, পানিতে ডুবে তাদের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।