কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে সফিকুল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল নাগেশ্বরী থানায় অভিযুক্ত খোকনের নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন সফিকুলের স্ত্রী সামছুন্নাহার। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ব্যাপারীহাট এলাকায় সফিকুলকে মারধর করে তারা। রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যু হয় তার।
নিহতের ভাই ও ভাতিজা জানান, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মৃত আজগার আলী আজাদের ছেলে খোকনের মাদক ব্যবসার সহযোগী হিসেবে কাজ করতেন কালিগঞ্জ ইউনিয়নের মন্নেয়ারপাড় এলাকার মৃত শমসের আলীর ছেলে সফিকুল ইসলাম। বেশ কিছুদিন ধরে সফিকুলকে মাদক পরিবহন বাবদ টাকা পরিশোধ করছিলেন না খোকন। এ কারণে সফিকুল কাজ বন্ধ করে দেন। এরই জেরে মঙ্গলবার বিকালে খোকন মোটরসাইকেলে সফিকুলকে বাড়ি থেকে ডেকে ব্যাপারীহাটে নিজের মৎস্য খামারে নিয়ে যান।










