কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে শফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শফিকুলকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পপি আক্তার (৩২) গুরুতর আহত হন। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ির উঠানে নিজস্ব অটোরিকশা চার্জ করার জন্য বৈদ্যুতিক সংযোগ দেন শফিকুল। গতকাল সকালে খাওয়া-দাওয়া সেরে বের হওয়ার জন্য অটোরিকশায় হাত দেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী পপি আক্তারও বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে শফিকুল ইসলামের বাবা আব্দুল মজিদ দ্রুত মেইন সুইস বন্ধ করলে দুজনেই ছিটকে পড়েন। 

পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান শফিকুল। আর গুরুতর আহত অবস্থায় পপি আক্তারকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।