লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহূত একটি যুদ্ধবিমানের মূল ইঞ্জিনসহ বিভিন্ন ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল লালমনিরহাট জেলা প্রশাসনের নেতৃত্বে স্থানীয় পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
জানা গেছে, ১৯৩৯-৪০ সালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নে লালমনিরহাট বিমানবন্দর স্থাপিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লালমনিরহাট বিমানবন্দরটি ব্যবহূত হয়। পরবর্তী সময়ে সেটি পরিত্যক্ত থাকলেও দেশ স্বাধীনের পর সরকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়। এটি সফল না হওয়ায় বর্তমানে এখানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’
স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত একটি যুদ্ধবিমানের মূল ইঞ্জিন (প্রপেলার) একটি, দুটি ল্যান্ডিং গিয়ার, ওয়েল বার্নিং এক্সজস্ট (সাইল্যান্সার), এমিউনেশন্স,
পাঁচটি গান ও বিমানের টুকরো টুকরো কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট বিমানবন্দর রানওয়ে থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি জমি খনন করে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
লালমনিরহাট বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান ইউনিটের ভারপ্রাপ্ত ইনচার্জ ফ্লাইট লে. মাহমুদুল হাসান মাসুদ বলেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আমরা বিমানের বেশকিছু অংশের জিনিসপত্র পেয়েছি। এসব পরীক্ষা-নিরীক্ষা না করে এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, বিমানের ধ্বংসাবশেষগুলো উদ্ধারের পর যদি জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় তাহলে সেগুলো জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে।










