এতে আহত হয়েছেন অন্তত ২৮ জন। এর মধ্যে মাদারীপুর ও শরীয়তপুরে চারজন নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর শাহবাগ, মুন্সিগঞ্জ, মানিকঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, বাগেরহাট, সিরাজগঞ্জ ও মাগুরায় আরো আটজন প্রাণ হারিয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মাদারীপুর: জেলার ডাসারে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন বিআরটিসি বাসের চালক ও অন্যজন ভ্যানচালক। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

শরীয়তপুর: জাজিরার নাওডোবা এলাকায় বাস থেকে যাত্রী নামানোর সময় আরেক বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ১২ যাত্রী। গতকাল বিকালে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ সরদার গোপালগঞ্জ সদর উপজেলার ভোজের গাতি এলাকার বাহারুল সরদারের ছেলে। তিনি স্টার এক্সপ্রেস পরিবহনের চালকের সহকারী (হেলপার) ছিলেন। আর সুপারভাইজার ইউনুস মোল্লাকে গুরুতর আহত অবস্থায় শিবচর সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা দুজনই একই এলাকার বাসিন্দা।

ঢাকা: রাজধানীর শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি শাহবাগ ও শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করতেন বলে জানিয়েছেন স্বজনরা। গতকাল সকালে ঢাকা নার্সিং কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

মুক্তা আক্তার যশোর সদর উপজেলার নোয়াপাড়া এলাকার ইজার আলীর মেয়ে। তিনি পরিবারের সঙ্গে পুরান ঢাকার কামরাঙ্গীরচরে রনি মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাক চালককে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শওকত ব্যাপারী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির ব্যাপারীর ছেলে। আহত অন্য ট্রাকের চালক ইমরান মণ্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ বাঙ্গাল এলাকার আবদুল আজিজের ছেলে।

মানিকঞ্জ: ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খুঁটিতে ধাক্কা লেগে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক যুবক। গতকাল সকাল ৯টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের বটতলা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক (২২) কলিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর গ্রামের মওলা মিয়ার ছেলে। আহত আলামিন (৩২) ঝিনাইদহের শৈলকুপা থানার উত্তর কচুয়া গ্রামের মো. ফজল মিয়ার ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

জয়পুরহাট: কালাই উপজেলায় ভটভটি উল্টে রাসেল মণ্ডল (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ৩টার দিকে পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মণ্ডল সদর উপজেলার জামালপুর পালপাড়া গ্রামের লিটন মণ্ডলের ছেলে।

দিনাজপুর: চিরিরবন্দরে বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে জুনাইদ (৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিন শিশু ও ভ্যানচালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমতলী বাজার এলাকায় মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ ওই স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বাগেরহাট: জেলার ফকিরহাটে কাভার্ড ভ্যানচাপায় হাফিজ (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম আলীর ছেলে।

সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় হৃদয় হোসেন নামে (৩০) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় হোসেন বগুড়ার শেরপুর থানার মামুরশাহি গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

মাগুরা: জেলার মোহাম্মদপুরে ইঞ্জিনচালিত নাটা গাড়ির সঙ্গে সংঘর্ষে অংকন মজুমদার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অংকন মোহাম্মদপুরের বিনোদপুর গ্রামের কার্তিক মজুমদারের ছেলে।