বিলাসবহুল গাড়ির ব্রান্ড চেরি বাংলাদেশের ফ্লাগশিপ সার্ভিস সেন্টার চালু হলো ঢাকায়। শনিবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় উদ্বোধন হলো ফ্লাগশিপ সার্ভিস সেন্টারের। চেরির সার্ভিসিং সেন্টারের এ গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে সারা দেশের চেরি গাড়ির মালিক, শিল্প ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে চেরির বাজারজাতকারী প্রতিষ্ঠান এশিয়ান মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৭টি বে-বিশিষ্ট এ সার্ভিস সেন্টারে প্রতিদিন আগের চেয়ে বেশি গ্রাহক সেবা নিতে পারবেন। গ্রাহক সুবিধায় এখানে রয়েছে নানা আয়োজন। এছাড়া চেরি গাড়ির সব ধরনের আসল স্পেয়ার পার্টস ও যন্ত্রাংশ পাওয়া যাবে এ সেন্টারে।

গত দুই বছর ধরে বাংলাদেশের বাজারে বিলাসবহুল গাড়ির বিশ্বস্ত নাম চেরি বাংলাদেশ। বাংলাদেশের বাজারে মূলত হাইব্রিড ও বৈদ্যুতিক মডেলের এসইউভি গাড়ি সরবরাহ করে চেরি বাংলাদেশ।

চালু হওয়া সার্ভিস সেন্টারে একই সঙ্গে ১৭ গাড়ির সার্ভিস সেবা দেয়া যাবে। সেন্টারটি নির্মাণে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে গাড়ি শিল্পের অন্যতম পথিকৃৎ মিশাল কবিরের নেতৃত্বে দক্ষ প্রযুক্তিবিদরা। আর গাড়ি শিল্পে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন লাসিথা পামুনুয়া তার অভিজ্ঞতা দিয়ে এ সার্ভিস সেন্টার পরিচালনার দায়িত্বে আছেন। পামুনুয়া তার তত্ত্বাবধানে একটি দক্ষ দলের সমন্বয়ে বিশ্বমানের পরিষেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে তার এ নিবেদিতপ্রাণ দল দারুণ কাজ করবে বলে আশাবাদ তার। এছাড়া এখানে গাড়ির গ্রাহকরা সকল খুচরা যন্ত্রাংশ পাবেন- যা গ্রাহক সন্তষ্টি নিশ্চিত করবে।

অনুষ্ঠানে চেরি বাংলাদেশের কর্মকর্তা ও গাড়ির মালিকরা বক্তব্য রাখেন। চেরি বাংলাদেশের এক মুখপাত্র বলেন, ‘এ ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারের উদ্বোধন বাংলাদেশের গাড়ি শিল্পে নতুন আঙ্গিক যোগ করল। এটি চেরির ক্রেতাদের প্রতি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের দায়বদ্ধতার একটি অসাধারণ নজির।’

গাড়ির ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের একটি দক্ষ দল চেরির বিক্রয়োত্তর সেবা ক্রেতাদের কাছে আরো কার্যকরী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গ্রাহকদের নিয়ে চেরির এ নতুন অধ্যায়ে যাত্রা বাংলাদেশের গাড়ি নির্মাণ শিল্পে একটি নতুন সংযোজন বলেও উল্লেখ করেছেন চেরির এই মুখপাত্র। বিজ্ঞপ্তি