শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রি থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী দক্ষতায় সমৃদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে আজ রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের কয়েকশ শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণ পেশাজীবী অংশ নেন।

‘‌দক্ষতাই ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দক্ষ বাংলাদেশ গড়তে হলে আমাদের তরুণদের কেবল সার্টিফিকেটধারী হলে চলবে না, তাদের বৈশ্বিক বাজারের উপযোগী কারিগরি ও ব্যবহারিক দক্ষতায় দক্ষ হতে হবে। এ সামিট তরুণদের মাঝে সেই ‘ডুয়ার মেন্টালিটি’ বা কর্মমুখী মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামিটের মূল অর্জনগুলো হলো —

১. ইনোভেশন শোকেস: সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়, যা উপস্থিত অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

২. গ্লোবাল পলিসি ডায়ালগ: বিশ্বব্যাংকের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার তার সেশনে বিশ্ব শ্রমবাজারের অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশী তরুণদের জন্য করণীয় এবং ভবিষ্যতের কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরেন।

৩. ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেতুবন্ধন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানেরর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা পাঠ্যক্রমের সঙ্গে শিল্পের চাহিদার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, চাকরি খোঁজার মানসিকতা বদলে দক্ষ জনসম্পদ হিসেবে নিজেকে গ্লোবাল প্যাটফর্মে উপস্থাপন করাই এখনকার মূল চ্যালেঞ্জ। ড্যাফোডিল পরিবার সব সময় তরুণদের এ রূপান্তরের সহযাত্রী হিসেবে কাজ করছে।

ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কমকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপনকালে তরুণদের যুগোপযোগী দক্ষতা অর্জনের গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে. এম. হাসান রিপন স্বাগত বক্তব্যে বলেন, আজকের এ সামিট প্রমাণ করেছে আমাদের তরুণরা দক্ষ হতে চায়। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত হবে।

সম্মেলনটি দিপ্তী, বিএসডিআই , স্কিল ডট জবস এবং ড্যাফোডিল জাপান আইটিসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দেশের শীর্ষস্থানীয় করপোরেট লিডারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।