চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছে। এ জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। গত দুই বছরের তুলনায় এবার পুনর্নিরীক্ষণের আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
রোববার (৮ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৭ নভেম্বর ছিল খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ দিন। তবে শিক্ষার্থীদের আবেদনের সুবিধার্থে গত শনিবার রাতে সময় বাড়িয়ে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত করা হয়। বর্ধিত সময় শেষ হওয়ার পর আবেদনসংক্রান্ত এ তথ্য জানা গেছে।
কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর আগের বছর, ২০২৪ সালে ১১টি শিক্ষা বোর্ডে মোট আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত দুই বছরের তুলনায় এবার পুনর্নিরীক্ষণের আবেদন দ্বিগুণেরও বেশি হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।
এর আগে, গত ৩০ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।









